কুমিল্লামঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লাল কার্ডের নিষেধাজ্ঞা প্রসঙ্গে মুখ খুললেন ট্রাম্প

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ৭, ২০২৬ ১২:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

বসনিয়ার বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে লাল কার্ড পেয়েছিলেন যুক্তরাষ্ট্রের ফোলারিন বালোগুন। নিয়ম অনুযায়ী পরের ম্যাচ, তথা আগামীকাল বেলজিয়ামের বিপক্ষে নিষিদ্ধ থাকার কথা ছিল তার। কিন্তু ফিফা এই নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত করেছে।

ফিফা নিষেধাজ্ঞা স্থগিত করেছে ডিসিপ্লিনারি কোডের ২৭ নম্বর অনুচ্ছেদ অনুসারে। এই বিধানে বলা হয়েছে, ফিফার ডিসিপ্লিনারি কমিটি চাইলে পূর্বে আরোপিত কোনো শাস্তিমূলক নিষেধাজ্ঞার কার্যকারিতা স্থগিত রাখার সিদ্ধান্ত নিতে পারে।

তার মানে বালোগুনের বেলজিয়ামের বিপক্ষে খেলতে বাধা নেই। নিউইয়র্ক টাইমসসহ একাধিক গণমাধ্যমের খবর, এই সিদ্ধান্তটি এসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে ফোন করে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানানোর পর।

বিষয়টি জানাজানি হওয়ার পর ক্ষোভ প্রকাশ করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। কড়া ভাষার এক বিবৃতিতে ফিফার এমন সিদ্ধান্তকে ‘দুর্বোধ্য এবং অযৌক্তিক’ বলে মন্তব্য করেছে উয়েফা। শেষ-১৬তে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ বেলজিয়ামের ফুটবল নিয়ন্ত্রক সংস্থাও এতে অসন্তোষ প্রকাশ করেছে। শুধু তাই নয়, বিশ্বের বিভিন্ন দেশের ফুটবল সংগঠক এবং বিশ্লেষকরাও এতে পক্ষপাতিত্বের ইঙ্গিত পাচ্ছেন।

সমালোচনা যখন তুঙ্গে তখন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই নিশ্চিত করলেন ফিফা সভাপতিকে ফোন দেয়ার বিষয়টি। সোমবার হোয়াইট হাউজে ট্রাম্প এক বক্তব্যে জানান, সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে ফিফাকে অনুরোধ করেছিলেন তিনি। কারণ তার মনে হয় না, এটা ফাউল ছিল।  

আমেরিকার রাষ্ট্রপ্রধান নিশ্চিত করেন, ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে তিনি কথা বলেছিলেন। কিন্তু কেবল সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করতেবলেছিলেন। বালোগানের নিষেধাজ্ঞা তুলে নিতেই হবে, এমন কোনো নির্দেশ দেননি।  

ট্রাম্প বলেন, ‘ওটা কোনো ফাউল ছিল না। ওটা কোনো নিয়ম লঙ্ঘনও ছিল না। পূর্ণ গতিতে দৌড়াতে থাকা দুজন মানুষের একে অপরের সঙ্গে ধাক্কা লেগেছে। পূর্ণ গতিতে দৌড়ানোর সময় আপনি কোনোভাবেই নিজের পা দিয়ে অন্য কারও পায়ের ওপর উদ্দেশ্যপ্রণোদিতভাবে আঘাত করতে পারেন না। এরা দুজন দুর্দান্ত অ্যাথলেট ছিলেন, যারা একে অপরের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন। যদি সে তাকে মুখে ঘুষি মারত বা ভুল কিছু করত, তাহলে আমার অনুভূতি অন্যরকম হতো।’

ট্রাম্প আরও বলেন, ‘আমাদের একটা পূর্ণাঙ্গ দল থাকবে, বেলজিয়ামেরও একটা পূর্ণাঙ্গ দল থাকবে, আর জানেন তো কী হবে? তারা যদি আমাদের হারিয়ে দেয়, তবে তারা সত্যিই গর্বিত হতে পারবে। আর অন্যথায়, তারা যদি আমাদের হারায়… আমি বলব যে এটা কারচুপি ছিল, ঠিক ২০২০ সালের নির্বাচনের মতো যা কারচুপিতে ভরা ছিল।’