রোমানিয়ায় অবস্থানরত অবৈধ বাংলাদেশি কর্মীদের জন্য নতুন সুযোগ তৈরি করেছে দেশটির সরকার। শর্তসাপেক্ষে অবৈধ বিদেশি কর্মীদের বৈধ হওয়ার সুযোগ দিয়ে একটি জরুরি অধ্যাদেশ জারি করা হয়েছে, যা বাংলাদেশি কর্মীদের জন্য আশার বার্তা হিসেবে দেখা হচ্ছে।
বুখারেস্টে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, রোমানিয়ার সরকারি জরুরি অধ্যাদেশ নং–৩২ অনুযায়ী, নন-ইইউ দেশ থেকে বৈধভাবে এসে পরবর্তীতে বিভিন্ন কারণে অবৈধ অবস্থায় চলে যাওয়া কর্মীরা নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে আবার বৈধ হওয়ার সুযোগ পাবেন।
দূতাবাসের তথ্যমতে, অনেক বাংলাদেশি কর্মী ওয়ার্ক ভিসায় রোমানিয়ায় প্রবেশ করলেও নিয়োগদাতা প্রতিষ্ঠান কাজ না দেওয়া, সময়মতো কাগজপত্র সম্পন্ন না করা কিংবা কর সংক্রান্ত জটিলতার কারণে অবৈধ অবস্থায় পড়ে যান। নতুন ব্যবস্থার আওতায় এসব কর্মী ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারবেন।
তবে এজন্য নতুন ও বৈধ নিয়োগকর্তা খুঁজে নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে ওয়ার্ক পারমিট সংগ্রহ করতে হবে। এরপর অস্থায়ী আবাসন অনুমোদন বা টিআরসি কার্ডের জন্য আবেদন করতে হবে। নতুন আইন কার্যকরের ৬০ দিনের মধ্যে সংশ্লিষ্টদের ইমিগ্রেশন অফিসে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, যেহেতু এটি নতুন প্রক্রিয়া, তাই শুরুতে কিছু প্রশাসনিক জটিলতা দেখা দিতে পারে। প্রয়োজন হলে দূতাবাসের সহায়তা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
তবে যারা ইতোমধ্যে দেশত্যাগের নির্দেশ পেয়েছেন বা অবৈধভাবে রোমানিয়ায় প্রবেশ করেছেন, তারা এই সুবিধার আওতায় পড়বেন না। রোমানিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষের সিদ্ধান্তই এ ক্ষেত্রে চূড়ান্ত বলে বিবেচিত হবে।
দূতাবাস জানিয়েছে, ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই সুযোগ কার্যকর থাকবে।












