নারায়ণগঞ্জের রূপগঞ্জে অস্ত্র মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তারের পর তাকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে ওসিসহ অন্তত সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলাকারীরা পুলিশের ওয়াকিটকি ও মোবাইল ফোনও লুট করে নেয়।
মঙ্গলবার ভোরে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও স্থানীয় যুবদল নেতা শামীম মিয়াকে গ্রেপ্তারে রাত সাড়ে ৩টার দিকে অভিযান চালানো হয়। তাকে আটক করার পর খবর ছড়িয়ে পড়লে সমর্থকরা পুলিশকে ঘেরাও করে হামলা চালায় এবং একপর্যায়ে আসামিকে ছিনিয়ে নেয়।
পরে সকালেই পুলিশ, র্যাব ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে শামীমের স্ত্রীসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ৪০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও প্রায় ২০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।











