রাঙামাটির আশ্রয় কেন্দ্রগুলোতে খাবার পানি ও শিশু খাদ্যের সংকট।
নিম্নচাপের প্রভাবে রাঙামাটিতে অব্যাহত বৃষ্টিপাতের ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বুধবার (৮ জুলাই) সকাল থেকে ভারী বৃষ্টিপাতের কারণে আশ্রয়কেন্দ্রে আসতে শুরু করেছে স্থানীয়রা। এদিকে, আশ্রয় কেন্দ্রগুলোতে রয়েছে খাবার পানি ও শিশুখাদ্যের সংকট।
লোকনাথ মন্দির আশ্রয় কেন্দ্র ঘুরে দেখা যায়, এখানে রয়েছে খাবার পানি ও শিশুখাদ্যের সংকট। লোকনাথ মন্দিরে আশ্রয় নেয়া জসিম উদ্দিন জানান, গতকাল সকালে এসেছি। বাড়ি ঘরে পাহাড় ধসে পড়েছে। দুপুর ও রাত ভাত এবং সকালে শুকনো খাবার দিয়েছে।
আশ্রয় নেয়া গৃহবধূ তাসলিমা আক্তার জানান, আমাদের খাবার দেয়া হয়েছে কিন্তু ছোট্ট শিশুদের জন্য নেই কোন খাবারের ব্যবস্থা। বাজার থেকে কেক ও বিস্কুট কিনে খাওয়াতে হচ্ছে। বাসায় থাকলে খিচুড়িসহ অন্য খাবার রান্না করে খাওয়ানো গেলেও এখানে সম্ভব হচ্ছে না। মাবিয়া আক্তার জানান, সকালে খাবার পানির ছিলো না। বিদ্যুৎ না থাকলে পানির ব্যবস্থা থাকে না।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান জানান, কাচালং নদীর পানির বৃদ্ধি পেয়ে উপজেলার মাষ্টারপাড়া এলাকায় সড়ক ও কিছু বাড়িঘরে পানি ঢুকতে শুরু করেছে। এভাবে বৃষ্টি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
এ বিষয়ে রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী জানান, বাঘাইছড়ির ও বিলাইছড়ির ফারুয়া কিছু এলাকার মানুষ পানিবন্দি রয়েছে। তাদের আশ্রয়কেন্দ্রে নিতে কাজ করছে প্রশাসন। যারা আশ্রয় কেন্দ্রে এসেছেন সবাইকে রান্না করা খাবার দেয়া হচ্ছে।
জেলা প্রশাসনের তথ্য মতে, জেলায় ২১২টি আশ্রয় কেন্দ্রের মধ্যে ৭টি আশ্রয়কেন্দ্রে প্রায় ৭০০ জন মানুষ আশ্রয় নিয়েছে। এছাড়া জেলার বাঘাইছড়ি ও বিলাইছড়ির নিচু এলাকায় পাহাড়ি ঢলের প্রভাবে প্লাবিত হয়েছে।












