রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ঘোষিত যুদ্ধবিরতির মধ্যেও পাল্টাপাল্টি হামলার অভিযোগ উঠেছে দুই পক্ষ থেকেই। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেনীয় বাহিনী এক হাজারের বেশি হামলা চালিয়েছে, যার মধ্যে রয়েছে আর্টিলারি ও ড্রোন হামলা।
অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই রাশিয়া শতাধিক হামলা চালিয়েছে। তার দাবি, ইউক্রেনের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে ৮৫০টির বেশি ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী।
এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ৯ থেকে ১১ মে পর্যন্ত তিন দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দেন। এই প্রস্তাবে সম্মতি জানিয়েছে রাশিয়া এবং ইউক্রেনও বিষয়টি নিশ্চিত করেছে। সমঝোতার অংশ হিসেবে দুই দেশের মধ্যে এক হাজার করে যুদ্ধবন্দি বিনিময়ের কথাও জানানো হয়েছে।
তবে যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও বাস্তবে সংঘাত পুরোপুরি থামেনি। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ অব্যাহত রেখেছে।
এদিকে ইউরোপীয় ইউনিয়ন ভবিষ্যতে রাশিয়ার সঙ্গে আলোচনার সম্ভাবনার কথা পুনরায় উল্লেখ করেছে। যদিও ক্রেমলিন জানিয়েছে, সংলাপে আগ্রহী থাকলেও তারা নিজ থেকে কোনো উদ্যোগ নেবে না।














