মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির সময়সীমা অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই হরমুজ প্রণালিতে একটি কনটেইনারবাহী জাহাজে গুলি চালানোর ঘটনা ঘটেছে। এতে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।
ব্রিটিশ সামরিক পর্যবেক্ষণ সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, স্থানীয় সময় সকালে ইরানের ইসলামিক রেভলুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর একটি গানবোট কোনো পূর্ব সতর্কতা ছাড়াই জাহাজটিতে গুলি চালায়। এতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটনাটি এমন সময় ঘটেছে, যখন সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা অনিশ্চয়তায় রয়েছে। ট্রাম্প জানিয়েছেন, একটি সমন্বিত প্রস্তাব না আসা পর্যন্ত যুদ্ধবিরতি বহাল থাকবে। তবে এ বিষয়ে তেহরানের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।
ইরানের ফারস নিউজ এজেন্সি দাবি করেছে, হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি সরবরাহ এই প্রণালি দিয়ে হওয়ায় এর গুরুত্ব অত্যন্ত বেশি।
এদিকে যুক্তরাষ্ট্রও হরমুজে সামরিক অবরোধ জোরদার করেছে বলে জানিয়েছে ওয়াশিংটন। ফলে গত ২৪ ঘণ্টায় জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির ঘোষণার পরও উভয় পক্ষের এমন তৎপরতা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলছে।














