কুমিল্লাশনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী হত্যা: বিচার নিশ্চিতে আশাবাদ সরকারের

প্রতিবেদক
Cumilla Press
মে ৪, ২০২৬ ১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

সংবাদ:
যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থীর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি জানান, এ বিষয়ে বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখেছে।

সোমবার (৪ মে) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব তথ্য জানান। এ সময় তিনি ফ্লোরিডার টাম্পায় নিহত ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র সরকার এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সম্পন্ন করে দায়ীদের বিচারের আওতায় আনবে বলে প্রত্যাশা করছে বাংলাদেশ। একই সঙ্গে নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে প্রয়োজনীয় সহায়তার কথাও জানান তিনি।

এর আগে, লিমনের মরদেহ যুক্তরাষ্ট্র থেকে দেশে পাঠানো হয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ প্রক্রিয়ায় সহায়তা করে। অন্যদিকে, একই ঘটনায় নিহত আরেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি চলছে। স্থানীয় আনুষ্ঠানিকতা শেষে শিগগিরই তার মরদেহ বাংলাদেশে আনার ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গেছে।

মায়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট ও ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে সমন্বিতভাবে কাজ করছে।