কুমিল্লাশনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মুম্বাইয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু: তরমুজে মিলল বিষাক্ত রাসায়নিক

প্রতিবেদক
Cumilla Press
মে ৭, ২০২৬ ১০:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ভারতের মুম্বাইয়ে একই পরিবারের চার সদস্যের রহস্যজনক মৃত্যুর ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়া মনে হলেও ফরেনসিক পরীক্ষায় তাদের দেহে বিষাক্ত রাসায়নিকের উপস্থিতি নিশ্চিত হয়েছে।

গত ২৫ এপ্রিল রাতে আবদুল্লাহ দোকাদিয়া, তার স্ত্রী ও দুই কন্যা অসুস্থ হয়ে পড়েন এবং কয়েক ঘণ্টার ব্যবধানে মারা যান। পরিবারের সদস্যরা রাতের খাবারের পর তরমুজ খাওয়ার পরই অসুস্থ হন বলে জানা গেছে।

পরীক্ষায় নিহতদের দেহে ‘জিঙ্ক ফসফাইট’ নামের বিষাক্ত রাসায়নিকের আলামত পাওয়া গেছে, যা সাধারণত ইঁদুর মারার কাজে ব্যবহৃত হয়। একই সঙ্গে তারা যে তরমুজ খেয়েছিলেন, তার নমুনাতেও একই রাসায়নিক শনাক্ত হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, মৃতদের শরীরের কিছু অঙ্গ অস্বাভাবিকভাবে ক্ষতিগ্রস্ত ছিল, যা সাধারণ খাদ্যে বিষক্রিয়ার সঙ্গে মিল নয়। এছাড়া এক সদস্যের শরীরে মরফিনের উপস্থিতিও মিলেছে, যা ঘটনাটিকে আরও জটিল করে তুলেছে।

তরমুজে এই বিষ কীভাবে মিশলো—দুর্ঘটনাবশত নাকি পরিকল্পিতভাবে—তা খতিয়ে দেখছে পুলিশ। ইতোমধ্যে অপমৃত্যুর মামলা করা হয়েছে এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ চলছে।