কুমিল্লাবুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মার্কিন বাণিজ্য চুক্তি সংসদে উপস্থাপনের দাবি রুমিন ফারহানার

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ২৯, ২০২৬ ৩:০৪ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি জাতীয় সংসদে উত্থাপনের দাবি জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তার অভিযোগ, নির্বাচনের ঠিক আগে সই হওয়া এ চুক্তির কয়েকটি ধারা দেশের স্বার্থের পরিপন্থী হতে পারে।

বুধবার জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে গিয়ে তিনি এ দাবি জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

রুমিন ফারহানা বলেন, সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠকে দুই দেশের বাণিজ্য ঘাটতি, কৃষি ও জ্বালানি পণ্য আমদানি, ব্যবসার পরিবেশ উন্নয়ন এবং বিনিয়োগ বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। তার মতে, বাংলাদেশ যুক্তরাষ্ট্রে যত পণ্য রপ্তানি করে, তুলনামূলকভাবে তত আমদানি না করায় বড় ধরনের বাণিজ্য ঘাটতি তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের মাত্র তিন দিন আগে, গত ৯ ফেব্রুয়ারি এ চুক্তি স্বাক্ষরিত হয়। সে সময় বিভিন্ন মহল থেকে বলা হয়েছিল, একটি অনির্বাচিত সরকারের এমন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তি করা উচিত হয়নি।

রুমিন ফারহানার দাবি, চুক্তির কিছু শর্ত বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। তাই নির্বাচিত সরকারের মাধ্যমে বিষয়টি পুনর্বিবেচনা করা প্রয়োজন। তিনি উল্লেখ করেন, সরকার চাইলে ৬০ দিনের মধ্যে চুক্তি বাতিলের সুযোগও রয়েছে।

তবে বক্তব্যের একপর্যায়ে স্পিকার জানান, বিষয়টি সংসদের কার্যপ্রণালির পয়েন্ট অব অর্ডারের আওতায় পড়ে না। তিনি রুমিন ফারহানাকে বিধি অনুযায়ী নোটিশ দেওয়ার পরামর্শ দেন। পরে রুমিন ফারহানা আবারও চুক্তিটি সংসদে উপস্থাপনের দাবি জানালেও স্পিকার তা গ্রহণ করেননি।

.