যশোরের শার্শা উপজেলায় মাটি কাটার সময় বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত হয়েছেন।
বুধবার সকাল ৯টার দিকে পুটখালী ইউনিয়নের বালুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বেনাপোল পোর্ট থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হাই।
আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের যশোর সদর হাসাপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আহতরা হলেন- বালুন্ডা গ্রামের কাচারিপাড়ার আব্দুল বারিক সরদারের ছেলে জাকির সরদার (৪৫) ও নুরজাক সরদারের ছেলে আব্দুল কাদের (৪২)।
পরিদর্শক আব্দুল হাই বলেন, “বালুন্ডা গ্রামের প্রবাসী জাকির হোসেন ঢালির বাড়িতে বাথরুমের সেপটিক ট্যাংক তৈরি করতে গর্ত খনন করছিলেন শ্রমিকরা। এ সময় হঠাৎ করেই বোমা বিস্ফোরণে দুজন শ্রমিক আহত হয়।
“খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে বোমার আলামত উদ্ধার করেছে পুলিশ। আর আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারা কি উদ্দেশ্যে বোমা রেখেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে।”
স্থানীয়রা বলছেন, ‘নির্বাচনে প্রভাব বিস্তারে’ এসব বোমা সংগ্রহ করা হতে পারে। বিষয়টি প্রশাসনকে গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখার আহ্বান জানান তারা।
যশোরের সহকারী পুলিশ সুপার (নাভারন সার্কেল) আরিফ হোসেন বলেন, “কারা কি জন্য এ বোমা ওখানে পুঁতে রেখেছিল, তা খতিয়ে দেখতে কাজ শুরু করেছে পুলিশ।”












