চীনের রাজধানী বেইজিংয়ে আজ (৬ মে) বাংলাদেশ ও চীনের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিন দিনের সরকারি সফরে সেখানে অবস্থান করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
মঙ্গলবার বেইজিং পৌঁছালে বিমানবন্দরে তাকে স্বাগত জানান চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সফরে তার সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
বুধবার দিয়াওউতাই স্টেট গেস্ট হাউসে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন তিনি। এ বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এছাড়া সফরকালে চীনের উচ্চপর্যায়ের অন্যান্য নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।











