পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় ভয়াবহ আত্মঘাতী হামলায় অন্তত ১৫ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে ফতেহ খেল পুলিশ ফাঁড়িতে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি ঢুকিয়ে এ হামলা চালানো হয়।
পুলিশ সূত্র জানায়, বিস্ফোরণের সময় ফাঁড়িতে মোট ১৮ জন সদস্য উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ১৫ জন ঘটনাস্থলেই নিহত হন এবং আহত হন আরও তিনজন। বিস্ফোরণের পরপরই হামলাকারীরা চারদিক থেকে ফাঁড়িটি ঘিরে গুলিবর্ষণ শুরু করে।
স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা জানান, হামলায় ভারী অস্ত্রের পাশাপাশি কোয়াডকপ্টারও ব্যবহার করা হয়েছে। বিস্ফোরণের তীব্রতায় পুরো পুলিশ ফাঁড়ি ধ্বংস হয়ে যায় এবং একটি সাঁজোয়া যান ক্ষতিগ্রস্ত হয়। আশপাশের ভবনেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘটনার পরপরই এলাকায় উদ্ধার অভিযান শুরু করে রেসকিউ টিম। ধ্বংসস্তূপ থেকে নিহতদের মরদেহ ও আহতদের উদ্ধার করা হয়। পাশাপাশি শহরজুড়ে নিরাপত্তা জোরদার করে অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়েছে।
সাম্প্রতিক সময়ে বান্নু জেলায় ধারাবাহিক সহিংস ঘটনার মধ্যে এ হামলা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। নিরাপত্তা বাহিনী ইতোমধ্যে অভিযান জোরদার করেছে বলে জানা গেছে।












