কুমিল্লারবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিমান ও পর্যটন খাত আধুনিকায়নে জার্মানির সহযোগিতা চাইল বাংলাদেশ

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ১৯, ২০২৬ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

দেশের বিমান ও পর্যটন খাতের উন্নয়ন এবং আধুনিকায়নে জার্মানির সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।

রোববার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানমের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লট্‌জের সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতও উপস্থিত ছিলেন।

আলোচনায় রাষ্ট্রদূত জানান, জার্মানি বর্তমান সরকারের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী। বিশেষ করে বিমান চলাচলের নিরাপত্তা ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে ‘এরোডাটা’ নামের একটি জার্মান প্রতিষ্ঠানের আগ্রহের বিষয়টি তিনি তুলে ধরেন।

এ সময় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বিমান খাতের উন্নয়ন এবং আধুনিকীকরণে জার্মানির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বৈঠকে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং বেসামরিক বিমান পরিবহন খাতে নতুন সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ ভবিষ্যতে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতাকে আরও বিস্তৃত করবে।