সংবাদ:
দেশের বিদ্যুৎ খাতে বিপুল অঙ্কের বকেয়া রেখে গেছে আগের সরকার বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বর্তমান সরকারকে অর্থনীতির কঠিন বাস্তবতার মধ্যেই দায়িত্ব পালন করতে হচ্ছে।
বুধবার রাজধানীর একটি হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির সভায় অর্থমন্ত্রী জানান, বিদ্যুৎ খাতে প্রায় ৪০ হাজার কোটি টাকার বকেয়া রয়েছে। একইসঙ্গে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি খাতে অতিরিক্ত ৪ বিলিয়ন ডলার ব্যয় করতে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে সব খাতে কর ছাড় দেওয়া সম্ভব নয়। তবে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় নীতিগত ও প্রশাসনিক সহায়তা অব্যাহত থাকবে। ব্যবসা পরিচালনায় যেসব প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো ধীরে ধীরে দূর করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, সরকার মুক্তবাজার অর্থনীতির নীতিতে বিশ্বাসী এবং ব্যক্তিখাতের বিকাশের মাধ্যমেই অর্থনীতিকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। সম্ভাবনাময় রপ্তানি খাতগুলোকে তৈরি পোশাক শিল্পের মতো বিভিন্ন ধরনের প্রণোদনা ও সহায়তা দেওয়া হবে বলেও আশ্বাস দেন অর্থমন্ত্রী।


.












