কুমিল্লাশনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিজিবির ধাওয়ায় পালাল চোরাকারবারি, ব্যাগে মিলল পিস্তল-গুলি-সিরাপ

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ৮, ২০২৬ ২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানের সময় চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বুধবার (৮ জুলাই) দুপুরে ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত আনুমানিক ২টার দিকে জীবননগর উপজেলার মাধবখালী সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি।

মাধবখালী বিওপির হাবিলদার মো. সাইফুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত চোরাকারবারিরা একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করা হয়। এ সময় ব্যাগের ভেতর থেকে একটি ৭.৬৫ মিলিমিটার বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি এবং ২২ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান বলেন, উদ্ধার করা অস্ত্র, ম্যাগাজিন, গুলি ও এস্কাফ সিরাপ জব্দ করা হয়েছে। এগুলো জীবননগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র, মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

আফজালুল হক/আরকে