সংবাদ:
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পারিবারিক কলহের জেরে প্রাণ হারিয়েছেন পারভীন বেগম (৫০) নামের এক গৃহবধূ। রোববার সকালে উপজেলার মাধবপুর ইউনিয়নের মিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, কাজকর্মে অনিয়ম নিয়ে বাবা নাসির ও ছেলে ইয়াসিনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা একপর্যায়ে তীব্র ঝগড়ায় রূপ নেয়। এ সময় ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে পারভীন বেগম ধাক্কায় পড়ে গিয়ে গুরুতর আহত হন।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।












