দেশের বিভিন্ন অঞ্চলের আকাশে দেখা রহস্যময় উজ্জ্বল আলোর উৎস নিয়ে সৃষ্টি হওয়া জল্পনার অবসান হয়েছে। শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৭টার দিকে কয়েক মিনিট ধরে দৃশ্যমান এই আলোর ঝলক সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
প্রাথমিকভাবে কেউ এটিকে রকেটের ধোঁয়া, আবার কেউ প্রতিবেশী দেশের ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রতিফলন বলে ধারণা করেন। পরে প্রতিরক্ষা সূত্রে জানা যায়, ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) ওই সময় ওডিশা উপকূলে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) পরীক্ষামূলক উৎক্ষেপণ চালায়।
এই উৎক্ষেপণের ফলেই বাংলাদেশের আকাশে আলোর ঝলক দেখা যায় বলে নিশ্চিত করা হয়েছে। যদিও ক্ষেপণাস্ত্রটির আনুষ্ঠানিক নাম প্রকাশ করা হয়নি, তবে এটি দীর্ঘ পাল্লার আইসিবিএম প্রকল্পের অংশ বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এটি ভারতের উন্নয়নাধীন ‘অগ্নি-৬’ কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে, যার পাল্লা ১০ হাজার কিলোমিটারেরও বেশি।
এ ধরনের প্রযুক্তি আয়ত্তের মাধ্যমে জটিল রকেট প্রপালশন ও পুনঃপ্রবেশ (রি-এন্ট্রি) সক্ষমতায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে ভারত। ফলে দূরপাল্লার লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানার সক্ষমতা বাড়ছে দেশটির।
এছাড়া একই সময়ে ওডিশা উপকূলে উন্নত গ্লাইড অস্ত্র প্রযুক্তিরও সফল পরীক্ষা চালানো হয়েছে বলে জানা গেছে। এই প্রযুক্তির মাধ্যমে প্রচলিত অস্ত্রকে আরও নির্ভুল ‘স্মার্ট’ অস্ত্রে রূপান্তরের সুযোগ তৈরি হয়েছে, যা আধুনিক সামরিক সক্ষমতায় নতুন মাত্রা যোগ করছে।












