কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুতের অভিযোগে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ডিজেল ও কেরোসিন জব্দ করেছে যৌথবাহিনী। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিককে আটক করা হয়েছে।
মঙ্গলবার উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের হাসানপুর বাজারে ‘মেসার্স জলিল এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমার নেতৃত্বে পরিচালিত অভিযানে বিশেষ গোয়েন্দা সংস্থার সদস্যরাও অংশ নেন।
প্রশাসন জানায়, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত তল্লাশিতে বড় ড্রামে সংরক্ষিত প্রায় ৫ হাজার ৫০০ লিটার ডিজেল এবং ২৪ লিটার কেরোসিন উদ্ধার করা হয়। জব্দকৃত এসব জ্বালানি তেল অবৈধভাবে বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে মজুত করা হয়েছিল। অভিযানের সময় প্রতিষ্ঠানের মালিক কোনো বৈধ লাইসেন্স দেখাতে পারেননি।
ঘটনার পর জব্দকৃত তেল মামলার আলামত হিসেবে সংরক্ষণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।












