সংবাদ:
পশ্চিমবঙ্গের চলমান নির্বাচনের ফলাফল প্রকাশ ঘিরে অনিয়মের আশঙ্কা প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।
সোমবার (৪ মে) দেওয়া ওই বার্তায় মমতা দাবি করেন, ভোট গণনায় বিজেপির ফলাফল আগে দেখানো হচ্ছে, যা তাদের পরিকল্পিত কৌশলের অংশ হতে পারে। তিনি অভিযোগ করেন, বিভিন্ন স্থানে গণনা প্রক্রিয়ায় বিলম্ব এবং অনিয়মের ঘটনাও ঘটছে।
দলীয় কর্মীদের উদ্দেশে তিনি বলেন, কাউন্টিং কেন্দ্র ছেড়ে কোথাও না যেতে এবং দায়িত্বে থাকা সবাইকে সতর্ক থাকতে। তার ভাষ্য, একাধিক কেন্দ্রে গণনা সাময়িক বন্ধ রাখা হয়েছে বলেও খবর পাওয়া যাচ্ছে।
তবে এসব অভিযোগের মধ্যেই বিভিন্ন স্থানে বিজেপি সমর্থকদের উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, রাজ্যে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে রয়েছে দলটি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ফলাফল ঘোষণার এই পর্যায়ে পাল্টাপাল্টি অভিযোগে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে।












