কুমিল্লাসোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পূর্বধলায় এমপির ওপর হামলা: বিএনপি-ছাত্রদলের তিন নেতা বহিষ্কার

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ২৭, ২০২৬ ১:১৯ অপরাহ্ণ
Link Copied!

নেত্রকোনা: নেত্রকোনার পূর্বধলায় এমপি মাছুম মোস্তফার ওপর হামলার ঘটনায় মামলা হওয়ার পর রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই সাংগঠনিক শাস্তির মুখে পড়েছেন স্থানীয় বিএনপি ও ছাত্রদলের তিন নেতা।

এমপির ওপর হামলার ঘটনায় তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

বহিষ্কৃত নেতারা হলেন- পূর্বধলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ বাবু, পূর্বধলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজু আহমেদ ও পূর্বধলা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোলায়মান কবির।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে ইশতিয়াক আহমেদ বাবুকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

অন্যদিকে ছাত্রদলের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাজু আহমেদকে তার পদ থেকে এবং সোলায়মান কবিরকে প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

একইসঙ্গে দলীয় নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে কেন্দ্রীয় এ সিদ্ধান্তে পূর্বধলার রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় ত্যাগী নেতাকর্মীদের একাংশ হতাশা ও বিস্ময় প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দাবি করছেন, একটি বিতর্কিত মামলার পরপরই এমন কঠোর পদক্ষেপ স্থানীয় সাংগঠনিক কাঠামোতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

তবে বহিষ্কৃত নেতাদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

.