কুমিল্লাবুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাঁচদিনজুড়ে বৃষ্টির আভাস, ছয় বিভাগে ভারী বর্ষণের শঙ্কা

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ২৯, ২০২৬ ৩:১৪ অপরাহ্ণ
Link Copied!

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, বঙ্গোপসাগর ও পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বজ্রপাত ও ভারী বর্ষণের পরিস্থিতি তৈরি হতে পারে।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর ও রাজশাহীর কিছু স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে কয়েকটি বিভাগে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। এ সময়ে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

পরবর্তী কয়েকদিনেও একই ধরনের আবহাওয়া বজায় থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার ও শনিবারও দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী বর্ষণের ঝুঁকি বেশি থাকবে।

রোববার পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকলেও পরে ধীরে ধীরে তা কমে আসতে পারে। একই সঙ্গে আগামী সপ্তাহে তাপমাত্রা আবারও বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

.