অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালিয়েছে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার বরাতে জানা গেছে, সোমবার রাতে জোরাত আল-শাম’আ, ওয়াদি আল-নিস ও উম্ম সালমুনা গ্রামে প্রবেশ করে কয়েকটি বাড়িতে তল্লাশি চালায় ইসরায়েলি বাহিনী।
একই সময় রামাল্লাহর পশ্চিমাঞ্চলের বিভিন্ন গ্রাম ও শহরেও অনুরূপ অভিযান পরিচালনা করা হয়। তবে এসব ঘটনায় কোনো হতাহত বা গ্রেফতারের খবর পাওয়া যায়নি।
অন্যদিকে, দক্ষিণ লেবাননের দুটি শহরের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে আইডিএফ। জাবশিত ও সারাফান্দ এলাকার বাসিন্দাদের অন্তত এক হাজার মিটার দূরে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, হিজবুল্লাহর উপস্থিতি বা সামরিক কার্যক্রম থাকতে পারে—এমন এলাকাগুলোর আশপাশে অবস্থান করলে সাধারণ মানুষের জীবন ঝুঁকিতে পড়তে পারে।












