কুমিল্লাবৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘পশ্চিমাদের এড়িয়ে’ নতুন উচ্চতায় ভারত-রাশিয়া সম্পর্ক

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ২৩, ২০২৬ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

রাশিয়ার সঙ্গে সম্পর্কের নতুন উচ্চতায় পৌঁছাল ভারত। নতুন চুক্তি অনুযায়ী, সেনা মোতায়েন থেকে শুরু করে সরঞ্জাম আদান-প্রদান সবকিছুতেই এখন থেকে বিশেষ সুবিধা পাবে দুই দেশ। একইসঙ্গে এস-৪০০ ক্ষেপণাস্ত্র সিস্টেমের বাকি অংশ সরবরাহের ঘোষণায় নতুন মাত্রা পেয়েছে মস্কো-দিল্লি কৌশলগত সম্পর্ক।

‘পশ্চিমাদের নজর এড়িয়ে’ ভারত-রাশিয়ার সামরিক সহযোগিতার নিবিড় বন্ধন বিশ্ব রাজনীতিতে এক নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।

দেশ দুটির ঐতিহাসিক এক সামরিক সমঝোতা এখন বাস্তবায়নের পথে। চলতি বছরের ১২ জানুয়ারি থেকে কার্যকর হওয়া এই চুক্তির আওতায় একে অপরের ভূখণ্ডে সেনা সদস্য, রণতরী এবং সামরিক বিমান মোতায়েন করতে পারবে দুই দেশ।

বিশেষ এই চুক্তিতে সর্বোচ্চ ৩ হাজার সেনা, ১০টি বিমান এবং ৫টি রণতরী একই সাথে উপস্থিত থাকার সুযোগ রাখা হয়েছে; যা মূলত দুর্যোগ মোকাবিলা এবং যৌথ মহড়ার ক্ষেত্রে দুই দেশের সামরিক সক্ষমতাকে আরও বাড়িয়ে তুলবে।

সমঝোতার ফলে রাশিয়ার বন্দরগুলোতে ভারতীয় রণতরী এবং আকাশে রুশ যুদ্ধবিমানের চলাচল আগের চেয়ে অনেক বেশি সহজ হবে। শুধু সেনা মোতায়েনই নয়, লজিস্টিক বা রসদ সরবরাহের ক্ষেত্রেও একে অপরকে সর্বোচ্চ ছাড় দেবে মস্কো ও দিল্লি। 

দুই দেশের মধ্যকার এই আইনি কাঠামোকে মূলত প্রতিরক্ষা খাতে দীর্ঘমেয়াদি এবং টেকসই অংশীদারিত্বের এক বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

অন্যদিকে, ২০১৮ সালের চুক্তি অনুযায়ী ভারতকে এস-৪০০ অ্যান্টি-এয়ারক্রাফট মিসাইল সিস্টেম সরবরাহের কাজও প্রায় শেষ পর্যায়ে। ভারতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ডেনিস আলিপভ জানিয়েছেন, নির্ধারিত সময় মেনেই বাকি সরঞ্জামগুলো খুব দ্রুত নয়াদিল্লির হাতে তুলে দেয়া হবে।

শুধু এস-৪০০ নয়, সুখোই-৫৭ ফাইটার জেট এবং একে-২০৩ রাইফেল তৈরির মতো স্পর্শকাতর প্রজেক্টগুলোতেও দুই দেশের গোপনীয়তা বজায় রেখে কাজ চলছে।

বিশ্লেষকরা বলছেন, পশ্চিমাদের নজর এড়িয়ে সামরিক সহযোগিতার এই নিবিড় বন্ধন যেন বিশ্ব রাজনীতিতে এক নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।

.