নোয়াখালীর মাইজদীতে আলোচিত স্কুলছাত্রী তাসনিয়া হোসেন অদিতা হত্যা মামলায় সাবেক গৃহশিক্ষক আবদুর রহিম রনিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
বুধবার দুপুরে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ খোরশেদুল আলম শিকদার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্র জানায়, ২০২২ সালের ২২ সেপ্টেম্বর নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর এলাকার একটি বাসা থেকে অদিতার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ওই রাতেই পুলিশ সাবেক গৃহশিক্ষক রনিকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।
মামলার তদন্তে উঠে আসে, অদিতা পূর্বে রনির কাছে পড়লেও পরে অন্যত্র কোচিং শুরু করে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে রনি ওই বাসায় প্রবেশ করেন। ঘটনার সময় অদিতার মা বাসায় ছিলেন না। পরে হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে তদন্তে উল্লেখ করা হয়।
পুলিশ জানায়, আটক হওয়ার সময় রনির শরীরে বিভিন্ন আঁচড়ের দাগ এবং পোশাকে রক্তের চিহ্ন পাওয়া যায়। পরবর্তীতে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন।
মামলাটির বিচারিক কার্যক্রমে বাদীপক্ষের ৪১ জন এবং আসামিপক্ষের ৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।
ঘটনার পর নোয়াখালীসহ বিভিন্ন স্থানে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও বিভিন্ন কর্মসূচিও পালিত হয়।


.












