নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফার ব্যক্তিগত গাড়িতে হামলা ও ভাঙচুর এবং তাকে অবরুদ্ধ করে রাখার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার গভীর রাতে তার ব্যক্তিগত সহকারী আল আমিন বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় বিএনপি মনোনীত প্রার্থী আবু তাহের তালুকদারকে প্রধান আসামি করে ৬০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে, যারা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী বলে অভিযোগ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই অভিযান চালিয়ে ইতোমধ্যে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে শুক্রবার সন্ধ্যায় পূর্বধলা উপজেলার একটি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। সংসদ সদস্যের দাবি, সেখানে নামাজ শেষে বের হলে একদল বিক্ষুব্ধ ব্যক্তি তাকে ধাওয়া করে অবরুদ্ধ করে রাখে এবং তার সঙ্গে থাকা লোকজনকে মারধর করে। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।
নেত্রকোনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার জানান, ঘটনার বিষয়ে মামলা নেওয়া হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চলছে।












