কুমিল্লাবৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নারী পরিচয়ে ফাঁদ, ব্ল্যাকমেইল ও নিপীড়ন: রাজধানীতে গ্রেপ্তার সিরিয়াল অপরাধী

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ১৫, ২০২৬ ৩:০২ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীতে সামাজিক যোগাযোগমাধ্যমে নারী পরিচয়ে প্রতারণার মাধ্যমে তরুণীদের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল ও যৌন নিপীড়নের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার রাশেদুল ইসলাম রাব্বি (৩০) দীর্ঘদিন ধরে কৌশলে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে মিরপুর এলাকার মেয়েদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতেন। পরে দেখা করার প্রলোভন দেখিয়ে তাদের যাত্রাবাড়ীর দনিয়া এলাকায় নিয়ে গিয়ে নির্জন বাসায় আটকে রেখে নিপীড়ন ও ভিডিও ধারণ করতেন বলে জানিয়েছে পুলিশ।

বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওয়ারী বিভাগের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী জানান, অভিযুক্ত ব্যক্তি দিনের ও রাতের জন্য আলাদা দুটি বাসা ব্যবহার করতেন। সেখানে ভুক্তভোগীদের ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায় করতেন তিনি।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে পর্নোগ্রাফি সংক্রান্ত একটি অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে কয়েকজন ভুক্তভোগীর মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরবর্তীতে তদন্তে আরও একাধিক ভুক্তভোগীর সন্ধান পাওয়া যায় এবং ইতোমধ্যে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে।

তদন্ত কর্মকর্তারা জানান, অভিযুক্ত প্রযুক্তি ব্যবহারে দক্ষ হওয়ায় ভুক্তভোগীদের ফোন নিয়ন্ত্রণে নিয়ে প্রমাণ মুছে ফেলার কথা বলে বারবার অর্থ আদায় করতেন। উদ্ধার হওয়া ডিভাইসগুলোতে একাধিক ঘটনার প্রমাণ পাওয়া গেছে।

পুলিশের ধারণা, তার অপরাধের শিকার নারীর সংখ্যা আরও বেশি হতে পারে। এ ধরনের ঘটনার শিকার কেউ থাকলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

এদিকে, তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়েছে এবং তার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।