কুমিল্লাশনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দোহার অগ্নিকাণ্ডে সন্তানদের বাঁচিয়ে প্রাণ হারালেন দম্পতি

প্রতিবেদক
Cumilla Press
মে ৯, ২০২৬ ২:১২ অপরাহ্ণ
Link Copied!

ঢাকার দোহার উপজেলার বিলাশপুর রাধানগর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার গভীর রাতে ঘটে যাওয়া এই ঘটনায় নিজেদের তিন সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ হারান ওই দম্পতি।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, রাত আনুমানিক দেড়টার দিকে আবদুস সালাম শিকদার ও তার স্ত্রী নাসিমা বেগমের টিনশেড ও কাঠের তৈরি বসতঘরে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পর তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন।

এ সময় দম্পতি কোনোভাবে তাদের তিন সন্তানকে ঘর থেকে বের করে নিরাপদে পাঠাতে সক্ষম হন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তারা নিজেরা আর বের হতে পারেননি এবং ঘরের ভেতরেই আটকে পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কয়েক ঘণ্টার চেষ্টায় ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে পুরো ঘর পুড়ে যায়।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক জানান, ঘটনাস্থল থেকেই দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নাশকতা নাকি দুর্ঘটনা—তা তদন্ত করে দেখা হচ্ছে।