কুমিল্লামঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দেশজুড়ে টানা পাঁচদিন বৃষ্টির আভাস, হতে পারে ভারী বর্ষণ

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ২৮, ২০২৬ ৩:০৯ অপরাহ্ণ
Link Copied!

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচদিন পর্যন্ত বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

আজ ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টি হতে পারে। পাশাপাশি কয়েকটি অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। রংপুর ও রাজশাহী বিভাগের কিছু এলাকাতেও বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আগামী বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দেশের অধিকাংশ বিভাগে একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। বিশেষ করে ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় ভারী বর্ষণের সম্ভাবনা বেশি।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এ সময় দিনের তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে পাঁচদিন পর বৃষ্টির প্রবণতা কমে গিয়ে আবারও তাপমাত্রা বাড়তে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।