কুমিল্লাশনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দুর্নীতি-সন্ত্রাস দমনে ‘ব্যক্তিকেন্দ্রিক’ দৃষ্টিভঙ্গির আহ্বান প্রধানমন্ত্রীর

প্রতিবেদক
Cumilla Press
মে ১১, ২০২৬ ১২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

দুর্নীতি ও সন্ত্রাস মোকাবিলায় রাজনৈতিক পরিচয়ের পরিবর্তে ব্যক্তিকেন্দ্রিক মূল্যায়নের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে সোমবার (১১ মে) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি এ নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকার একটি জনবান্ধব ও পেশাদার পুলিশ বাহিনী গড়ে তুলতে চায়। তার ভাষায়, পুলিশের কার্যক্রমই সরকারের প্রতিচ্ছবি—তাই আইন-শৃঙ্খলা রক্ষায় নিরপেক্ষতা ও দায়িত্বশীলতা অপরিহার্য।

তিনি আরও বলেন, একটি নিরাপদ, মানবিক ও স্বনির্ভর দেশ গঠনে পুলিশ বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য সদস্যদের বহুমুখী দক্ষতা অর্জন এবং যেকোনো পরিবেশে কাজ করার মানসিকতা থাকতে হবে। পেশাদারিত্বের সঙ্গে কোনো আপস না করার আহ্বানও জানান তিনি।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, সততা, মেধা ও যোগ্যতার ভিত্তিতেই পুলিশে নিয়োগ, পদোন্নতি ও বদলি নিশ্চিত করা হবে। একইসঙ্গে জনগণের কাছে সরকারের ভাবমূর্তি অনেকটাই পুলিশের আচরণ ও কর্মকাণ্ডের ওপর নির্ভর করে বলেও তিনি মন্তব্য করেন।

সভায় তিনি আরও বলেন, উন্নয়ন প্রকল্পগুলোতে অপ্রয়োজনীয় ব্যয় কমানো গেলে দেশের অন্যান্য খাতে আরও কার্যকর উন্নয়ন সম্ভব হতো।