দক্ষিণ কোরিয়ায় সড়ক দুর্ঘটনায় হাসিবুর রহমান নামে এক বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি জয়পুরহাটের কালাই উপজেলার মহেশপুর গ্রামের বাসিন্দা এবং জেওনবুক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
জানা গেছে, শনিবার গভীর রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে ইলেকট্রিক স্কুটার চালিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নিলে জরুরি বিভাগে লাইফ সাপোর্টে রাখা হয়। তবে মস্তিষ্কে গুরুতর আঘাতের কারণে রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের বন্ধুদের তথ্য অনুযায়ী, হাসিব ২০২৩ সালের ডিসেম্বরে স্টুডেন্ট ভিসায় দক্ষিণ কোরিয়ায় যান এবং কয়েক মাস আগে বিয়ে করেন।
এই ঘটনায় দক্ষিণ কোরিয়ায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও পরিচিতজনরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।












