কুমিল্লাশনিবার, ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তনু হত্যা: রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনাসদস্য হাফিজুর

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ২৫, ২০২৬ ৫:৪৩ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার বহুল আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেফতার সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শনিবার (২৫ এপ্রিল) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আমান শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে তদন্ত কর্মকর্তা (আইও) তারিকুল ইসলাম আসামি হাফিজুর রহমানকে আদালতে উপস্থাপন করেন।

তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে আসামিকে আদালতে হাজির করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো নতুন করে কেউ গ্রেফতার হয়নি। ডিএনএ ক্রস ম্যাচিং প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।


এ দিকে আদালত প্রাঙ্গণে উপস্থিত তনুর বাবা এয়ার হোসেন তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রতি অসন্তোষ প্রকাশ করেন বলে জানা গেছে।

এ বিষয়ে আদালত পরিদর্শক মামুনুর রশিদ জানান, পিবিআই আসামিকে আদালতে হাজির করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছে।


উল্লেখ্য, গত বুধবার (২২ এপ্রিল) বিকেলে কুমিল্লা সদর আমলি আদালত-১ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক কুমিল্লার বহুল আলোচিত তনু হত্যা মামলায় হাফিজুর রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। তিনি ডিএনএ নমুনা যাচাইয়ের জন্য সন্দেহভাজন তিনজনের একজন বলে জানা গেছে।


পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আসামিকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।


এর আগে মামলার তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম সন্দেহভাজন হাফিজুর রহমানকে তার বাসা থেকে গ্রেফতার করেন। গত ৬ এপ্রিল তদন্ত কর্মকর্তা তিন সন্দেহভাজনের ডিএনএ নমুনা ক্রস-ম্যাচের জন্য আদালতের কাছে অনুমতি চেয়েছিলেন। ওই তিন সন্দেহভাজন হলেন; সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান এবং সৈনিক শাহিনুল আলম।


আদালত সূত্র জানায়, বহুল আলোচিত এ মামলায় এখন পর্যন্ত ৮০টি শুনানির দিন নির্ধারণ করা হয়েছে। গত এক দশকে মোট চারটি সংস্থার সাতজন কর্মকর্তা চাঞ্চল্যকর এই মামলার তদন্ত করেছেন।


উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু। অনেক খোঁজাখুঁজির পর সেনানিবাসের পাওয়ার হাউসের নিকটবর্তী একটি জঙ্গল থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।

কুমিল্লা প্রেস সংবাদ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে কুমিল্লা প্রেসের সাথেই থাকুন