ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনজুরুল ইসলাম এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা এর আগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করলে আদালত শুনানি শেষে তা মঞ্জুর করেন। এর আগে গ্রেপ্তারের পর তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিল আদালত।
মামলার নথি অনুযায়ী, গত ২৬ এপ্রিল বাড্ডার বাসা থেকে মিমোকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়, যেখানে ব্যক্তিগত বিষয় ও আর্থিক লেনদেনের উল্লেখ ছিল।
এ ঘটনায় নিহতের বাবা সুদীপ চক্রবর্তীর বিরুদ্ধে প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন। পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত জানতে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে।












