শনিবার (২৫ এপ্রিল) রাতে ওয়াশিংটনে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে গুলির ঘটনা ঘটেছে। সেখানে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প। গুলি চলার সঙ্গে সঙ্গে সিক্রেট সার্ভিসের এজেন্টরা ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে দ্রুত সেখান থেকে বের করে নিয়ে যান।
ওয়াশিংটন হিলটন হোটেলের একটি চেকপয়েন্টে এক সিক্রেট সার্ভিস এজেন্টের দিকে শটগান দিয়ে গুলি চালান এক ব্যক্তি। পরে হামলাকারীকে আটক করা হয়।
ট্রাম্পই এই হামলার লক্ষ্য ছিলেন কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট ছিল না, যদিও তিনি সাংবাদিকদের বলেছেন যে, তিনি বিশ্বাস করেন, তিনিই হামলার লক্ষ্যবস্তু ছিলেন। ২০২৪ সাল থেকে প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে দুটি প্রাণনাশের প্রচেষ্টা থেকে বেঁচে গেছেন।
একজন আইন প্রয়োগকারী কর্মকর্তা সন্দেহভাজনকে, কোল টমাস অ্যালেন নামে শনাক্ত করেছেন, যিনি লস অ্যাঞ্জেলেস এলাকার বাসিন্দা এবং তার বয়স প্রায় ৩১ বছর। অ্যালেনের অতীত সম্পর্কে তাৎক্ষণিকভাবে খুব বেশি কিছু জানা যায়নি, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট থেকে জানা যায় যে, তিনি লস অ্যাঞ্জেলেসের কাছে ক্যালিফোর্নিয়ার টরেন্সে একজন শিক্ষক ছিলেন।
এদিকে, ওয়াশিংটনের অন্তর্বর্তীকালীন পুলিশ প্রধান জেফরি ক্যারল বলেছেন, সন্দেহভাজন ব্যক্তির কাছে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং একাধিক ছুরি ছিল। তাকে পরীক্ষা-নিরীক্ষার জন্য স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু তার উদ্দেশ্য কী ছিল তা বলার সময় এখনও আসেনি বলে ক্যারল জানান।
ক্যারল আরও বলেন, প্রাথমিক তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, তিনি হোটেলটির একজন অতিথি ছিলেন।
তদন্তের একটি অন্যতম প্রধান বিষয় হতে পারে যে, বন্দুকধারী কীভাবে শটগানটি হোটেলে পাচার করতে সক্ষম হয়েছিল। এই হোটেলেই প্রতি বছর হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজ অনুষ্ঠিত হয়, যা ওয়াশিংটনের একটি অন্যতম প্রধান আকর্ষণ।
কড়া নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত এই ব্ল্যাক-টাই অনুষ্ঠানে ট্রাম্পের মন্ত্রিসভার অনেক সদস্য এবং প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রেসিডেন্ট হিসেবে এই প্রথম ট্রাম্প অনুষ্ঠানটিতে যোগ দেন; এর আগে তিনি বিগত বছরগুলোতে এটি বর্জন করেছিলেন।
অনুষ্ঠানটির ভিডিও ফুটেজে দেখা যায়, ট্রাম্প ও তার স্ত্রী মঞ্চে একটি ভোজের টেবিলে বসে কারও সঙ্গে কথা বলছিলেন, এমন সময় বলরুমের পেছন দিক থেকে গুলির শব্দে শোরগোল সৃষ্টি হয়।
উপস্থিত মানুষ ‘নিচে নামুন, নিচে নামুন!’ বলে চিৎকার করে। । টাক্সেডো ও বল গাউন পরা ২,৬০০ জন অংশগ্রহণকারীর মধ্যে অনেকেই টেবিলের নিচে তখন আশ্রয় নেন। সঙ্গে সঙ্গে নিরাপত্তাকর্মীরা তাদের অস্ত্র বের করে। তাদের মধ্যে কেউ কেউ মন্ত্রিসভার সচিবদের মেঝেতে ধাক্কা দিয়ে ফেলে নিজেদের শরীর দিয়ে ঢেকে দেয়, আর অন্যরা একটি সুরক্ষামূলক বেষ্টনী তৈরি করে।
ট্রাম্প, তার স্ত্রী এবং ভ্যান্সকে যখন সরিয়ে নেয়া হচ্ছিল, তখন যুদ্ধকালীন পোশাক পরা নিরাপত্তাকর্মীরা রাইফেল তাক করে বলরুমের মঞ্চে ঝাঁপিয়ে পড়ে। বিশাল কক্ষজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা টেবিলগুলোতে বসে থাকা মন্ত্রিসভার সদস্যদের তাদের নিরাপত্তাকর্মীরা একে একে বাইরে নিয়ে আসেন।
বেশিরভাগ অতিথি টেবিলের নিচে জড়োসড়ো হয়ে থাকলেও কিছু লোক ‘ইউএসএ, ইউএসএ’ বলে স্লোগান দিতে শুরু করে।
এদিকে, বন্দুকধারীকে কাবু করার আগে সে দুটি চৌকি পার হয়ে গিয়েছিল, তবে, তার দিকে কোনো গুলি চালানো হয়নি।
গালা ডিনার বাতিল হওয়ার পর ট্রাম্প বলেন, ‘জানেন, সে ৫০ গজ দূর থেকে তেড়ে এসেছিল, সুতরাং সে ঘর থেকে অনেক দূরে ছিল। সে নড়াচড়া করছিল। সে সত্যিই খুব দ্রুত চলছিল।’
এদিকে, ২০২৪ সালে পেনসিলভেনিয়ার বাটলার-এ একটি গুপ্তহত্যার প্রচেষ্টা থেকে অল্পের জন্য রক্ষা পান ট্রাম্প। সেই প্রচেষ্টায়, ২০ বছর বয়সী এক বন্দুকধারী ট্রাম্পের কানের উপরের অংশে গুলি করে তাকে আহত করে, যাকে নিরাপত্তা কর্মীরা গুলি করে হত্যা করে।
বাটলার হত্যাকাণ্ডের ঠিক দুই মাসের কিছু বেশি সময় পর, ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে অবস্থিত ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ ক্লাবে, যখন ট্রাম্প গলফ কোর্সে ছিলেন, তখন সিক্রেট সার্ভিসের এজেন্টরা ঝোপের আড়ালে বন্দুক হাতে লুকিয়ে থাকা এক ব্যক্তিকে দেখতে পান। এটিকে একটি গুপ্তহত্যার প্রচেষ্টা হিসেবে গণ্য করা হয় এবং ফেব্রুয়ারিতে সন্দেহভাজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।


.












