কুমিল্লাবৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জ্বালানি সংকট মোকাবিলায় সংসদে ৫ সদস্যের কমিটি গঠন

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ২৩, ২০২৬ ৫:২৭ অপরাহ্ণ
Link Copied!

দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় পরামর্শ দিতে সরকারি দলের পাঁচ সদস্যের একটি কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় জাতীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ লক্ষ্যে সরকারি দলের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে এবং বিরোধী দলকেও সমসংখ্যক সদস্য মনোনয়নের আহ্বান জানানো হয়েছে, যাতে যৌথভাবে বিষয়টি নিয়ে আলোচনা করা যায়।

তিনি জানান, বিরোধী দলের পক্ষ থেকে প্রস্তাবনা এলে তা পর্যালোচনা করে বাস্তবসম্মত হলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সরকারদলীয় হুইপ এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), সংসদ সদস্য মাইনুল ইসলাম খান শান্ত এবং মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

প্রধানমন্ত্রীর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান দ্রুত তাদের পক্ষ থেকে সদস্যদের নাম দেওয়ার আশ্বাস দেন। তিনি আশা প্রকাশ করেন, সংসদ জাতীয় সংকট সমাধানে কার্যকর ভূমিকা রাখবে।