আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দেশে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। নতুন মূল্য অনুযায়ী রোববার (১৯ এপ্রিল) থেকে অকটেন, পেট্রোল, ডিজেল ও কেরোসিন উচ্চমূল্যে বিক্রি হবে।
শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈশ্বিক বাজারে মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে এই সমন্বয় করা হয়েছে।
নতুন নির্ধারিত দামে প্রতি লিটার অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা, ডিজেল ১১৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকায় বিক্রি হবে।
এতে প্রতি লিটার জ্বালানির দাম গড়ে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। এর আগে ডিজেল ছিল ১০০ টাকা, কেরোসিন ১১২ টাকা, পেট্রোল ১১৬ টাকা এবং অকটেন ১২০ টাকা প্রতি লিটার।
সরকার বলছে, আন্তর্জাতিক বাজারের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি খাতে স্থিতিশীলতা বজায় রাখতেই এই মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।














