কুমিল্লাশুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নেতানিয়াহু বুদাপেস্টে এলে গ্রেফতারের ইঙ্গিত হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রীর

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ২১, ২০২৬ ১১:১০ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানার প্রেক্ষিতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হাঙ্গেরি সফরে গেলে তাকে আটক করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দেশটির হবু প্রধানমন্ত্রী পিটার ম্যাগিয়ার।

সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, আইসিসির সদস্য রাষ্ট্র হিসেবে কোনো পরোয়ানাভুক্ত ব্যক্তি দেশের ভূখণ্ডে প্রবেশ করলে তাকে হেফাজতে নেওয়া আইনগত বাধ্যবাধকতা। একই সঙ্গে তিনি হাঙ্গেরিকে পুনরায় আইসিসির আওতায় ফেরানোর ইচ্ছার কথাও উল্লেখ করেন।

সাম্প্রতিক নির্বাচনে ম্যাগিয়ারের দল তিসজা পার্টির বিজয়ের মধ্য দিয়ে দীর্ঘদিনের শাসক ভিক্টর অরবানের অধ্যায়ের অবসান ঘটেছে। অরবানের আমন্ত্রণে চলতি বছরের শরতে নেতানিয়াহুর বুদাপেস্ট সফরের পরিকল্পনা থাকলেও নতুন রাজনৈতিক বাস্তবতায় তা অনিশ্চয়তায় পড়েছে।

উল্লেখ্য, গাজা যুদ্ধকে কেন্দ্র করে ২০২৪ সালে আইসিসি নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। তবে এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন তারা।