কুমিল্লাশনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জটিলতা কাটিয়ে অবশেষে সরকার গঠনের পথে বিজয়

প্রতিবেদক
Cumilla Press
মে ৯, ২০২৬ ৬:৪৯ অপরাহ্ণ
Link Copied!

নানা নাটকীয়তার পর অবশেষে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিঝাগা ভেট্রি কঝগম (টিভিকে)। বিদুথালাই চিরুতাইগাল কাচি (ভিসিকে) ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল) নিঃশর্ত সমর্থন দেওয়ায় টিভিকে নেতৃত্বাধীন জোটের আসন সংখ্যা দাঁড়িয়েছে ১২০-এ, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮-এর চেয়েও বেশি।

বিজয়ের দলীয় কার্যালয়ে এখন উৎসবের আবহ। নির্বাচনে বড় জয় পেলেও সংখ্যাগরিষ্ঠতা না থাকায় কয়েকদিন ধরে রাজনৈতিক অনিশ্চয়তায় ছিলেন বিজয়।

শেষ পর্যন্ত সেই সংকট কেটে যাওয়ায় তামিলনাড়ুতে প্রথমবারের মতো জোট সরকার গঠন ও বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়ার পথ পরিষ্কার হয়েছে।

এনডিটিভির হাতে আসা ভিসিকের সমর্থনপত্রে বলা হয়েছে, তামিলনাড়ুর জনগণের জন্য স্থিতিশীল ও গণতান্ত্রিক সরকার নিশ্চিত করতেই তারা টিভিকেকে সমর্থন করছে।

চিঠিতে ভিসিকের পক্ষ থেকে বলা হয়, ‘আমাদের দুই বিধায়কের পক্ষ থেকে আমরা টিভিকে এবং এর সভাপতি ও লেজিসলেটিভ পার্টির নেতা সি জোসেফ বিজয়কে সরকার গঠনের জন্য সমর্থন জানাচ্ছি। জনগণের স্বার্থে স্থিতিশীল ও গণতান্ত্রিক শাসন নিশ্চিত করতেই এই নিঃশর্ত সমর্থন।

এখন পরবর্তী ধাপে ১১৮ জন বিধায়কের সমর্থনপত্র নিয়ে রাজ্যপাল আর ভি আরলেকরের কাছে সরকার গঠনের দাবি জানাবেন বিজয়। এরপর রাজ্যপাল তাঁকে সরকার গঠনের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাবেন।

এর আগে টিভিকের সঙ্গে ছিল কংগ্রেসের ৫ জন, বামপন্থী দলগুলোর ৪ জন এবং অন্যান্য মিত্রদের সমর্থন। ভিসিকে ও আইইউএমএলের সমর্থনে জোটের শক্তি আরো বাড়ে।

যদিও বামপন্থীরা নিঃশর্ত সমর্থন দিয়েছে, কংগ্রেসের পক্ষ থেকে কিছু শর্ত দেওয়া হয়েছে বলে জানা গেছে। সূত্রের খবর, কংগ্রেস মন্ত্রিসভায় অন্তত দুটি মন্ত্রণালয় চেয়েছে।

এদিকে ভিসিকে ও বাম দলগুলোর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এম কে স্টালিন নেতৃত্বাধীন ডিএমকে। 

স্টালিন বলেন, সরকার গঠনে সংকট এড়াতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে।

গত বুধবার থেকে একাধিকবার রাজভবনে গেলেও প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে পারেননি বিজয়।

রাজ্যপালের দপ্তর থেকে তখন জানানো হয়েছিল, ১১৮ জন বিধায়কের সমর্থনপত্র ছাড়া সরকার গঠনের আমন্ত্রণ দেওয়া সম্ভব নয়।

এই পুরো পরিস্থিতিতে সবচেয়ে বেশি ধোঁয়াশা ছিল ভিসিকেকে ঘিরে। দলটি শুরুতে স্পষ্ট অবস্থান না নেওয়ায় অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে শনিবার ভিসিকে প্রধান থোল থিরুমাভালাভান ও আইইউএমএল নেতাদের সমর্থনপত্র হস্তান্তরের দৃশ্য সামনে আসতেই সেই জট কাটে।

মাত্র দুই বছর আগে গঠিত টিভিকে এবারের নির্বাচনে ১০৮টি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে। এই ফলাফলের মাধ্যমে দীর্ঘ ৬২ বছরের ডিএমকে ও এআইএডিএমকে আধিপত্যে বড় ধাক্কা লাগে।

বর্তমানে টিভিকের বিধায়ক সংখ্যা ১০৭, কারণ বিজয় নিজে দুটি আসনে জয়ী হয়ে একটি আসন ছেড়ে দিয়েছেন।

নির্বাচনে ডিএমকে পেয়েছে ৫৯টি আসন, এআইএডিএমকে ৪৭টি, কংগ্রেস ৫টি এবং পিএমকে ৪টি আসন। এছাড়া ভিসিকে, আইইউএমএল, সিপিআই ও সিপিএম পেয়েছে দুটি করে আসন। অন্যদিকে বিজেপি, ডিএমডিকে ও এএমএমকে পেয়েছে একটি করে আসন।