কুমিল্লাশনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চৌদ্দগ্রামে সড়কে ব্যারিকেড দিয়ে ট্রাক থামিয়ে ১০ গরু লুট, চালক-হেলপারকে বেঁধে নির্যাতন

প্রতিবেদক
Cumilla Press
মে ৮, ২০২৬ ৬:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে ব্যারিকেড সৃষ্টি করে একটি গরুবাহী ট্রাক থামিয়ে ১০টি গরু লুট করেছে ডাকাতচক্র। এ সময় চালক ও তার সহকারীকে বেঁধে মারধর করে গুরুতর আহত করা হয়।

বৃহস্পতিবার ভোরে উপজেলার বালুজুড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, রাজশাহীর চারঘাট থেকে ১০টি গরু নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেওয়া একটি ট্রাক চৌদ্দগ্রামে পৌঁছালে একটি পিকআপ ভ্যান দিয়ে পথরোধ করা হয়। এরপর ৮-১০ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণে নেয়।

পরে ট্রাকটি পাশের একটি সড়কে নিয়ে গিয়ে চালক আক্রাম হোসেন ও হেলপার দেলোয়ার হোসেনকে গাছের সঙ্গে বেঁধে রেখে গরুগুলো অন্য একটি পিকআপে তুলে নিয়ে যায় ডাকাতরা।

সকালে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে তাদের হাসপাতালে পাঠানো হয় এবং খালি ট্রাকটি জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং লুট হওয়া গরু উদ্ধারের পাশাপাশি জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।