সংবাদ:
ভারতের চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর চলন্ত অবস্থায় একটি বিমানের জরুরি দরজা খুলে এক যাত্রীর লাফ দেওয়ার ঘটনা ঘটেছে, যা যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।
রোববার সকালে শারজাহ থেকে আসা বিমানটি রানওয়ে থেকে ট্যাক্সিওয়ের দিকে এগোচ্ছিল। এ সময় পুরোপুরি থামার আগেই এক যাত্রী হঠাৎ জরুরি বহির্গমন দরজা খুলে নিচে লাফ দেন বলে বিমানবন্দর সূত্র জানিয়েছে।
কর্তৃপক্ষ জানায়, ঘটনায় কোনো প্রাণহানি বা বিমানের ক্ষতি হয়নি। তবে নিরাপত্তাজনিত কারণে প্রায় এক ঘণ্টা বিমানবন্দরের প্রধান রানওয়ে বন্ধ রাখা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যাত্রী অসুস্থ ছিলেন এবং যাত্রাপথে একাধিকবার বমি করেন। অসুস্থতার কারণেই তিনি এমন আচরণ করেছেন বলে মনে করা হচ্ছে।
ঘটনার পর পাইলট তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে নিরাপত্তা বাহিনী ওই যাত্রীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। ঘটনায় তদন্ত চলছে।












