কুমিল্লারবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চলতি মাসে তাপমাত্রা ছাড়াতে পারে ৪১ ডিগ্রি

প্রতিবেদক
Cumilla Press
মে ৩, ২০২৬ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

সদ্য বিদায়ী এপ্রিল মাসে দেশে স্বাভাবিকের তুলনায় ৭৫ শতাংশের বেশি বৃষ্টিপাত হয়েছে। এর প্রভাবে মাসজুড়ে তাপমাত্রাও তুলনামূলকভাবে স্বাভাবিকের নিচে ছিল। মে মাসেও স্বাভাবিক বৃষ্টির সম্ভাবনা থাকলেও কালবৈশাখী ও তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ মাসে দেশে একটি ঘূর্ণিঝড়ে সম্ভাবা রয়েছে। এছাড়া তাপমাত্রা ছাড়াতে পারে ৪১ ডিগ্রি সেলসিয়াসে।

আজ রবিবার (৩ মে) এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। 

আবহাওয়া অধিদপ্তরের মে মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, মে মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে ১-২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ/ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। দেশে বিক্ষিপ্তভাবে শিলাসহ ৫-৬ দিন হালকা/মাঝারি যার মধ্যে ২-৩ দিন তীব্র কালবৈশাখি ঝড়সহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের আভাস রয়েছে। এ মাসে দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে।

গত এপ্রিল মাসে মাত্র একদিন, ২২ এপ্রিল রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। তবে গত বছরের মতো টানা তাপপ্রবাহ দেখা যায়নি। মাসজুড়ে বিচ্ছিন্নভাবে তাপপ্রবাহ এলেও কয়েক দিনের মধ্যেই তা কমে গিয়ে বৃষ্টি শুরু হয়।

তবে চলতি মাসে দেশে ১-৩ টি মৃদু (৩৬-৩৭.৯°সে.)/মাঝারি (৩৮-৩৯.৯°সে.), যার মধ্যে একটি তীব্র (৪০-৪১.৯°সে.) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

এছাড়া দেশের প্রধান নদ-নদীসমূহে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। 

তবে বিচ্ছিন্ন ভারি বৃষ্টিপাতের প্রেক্ষিতে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের নদী সমূহের পানি সমতল সময় বিশেষে বৃদ্ধি পেতে পারে। এদিকে দৈনিক গড় বাষ্পীভবন ৩.৫-৫.৫ মি:মি: এবং গড় সূর্যকিরণকাল ৫.৫-৭.৫ ঘণ্টা থাকতে পারে। 

মে মাসের পূর্বাভাসে আরো বলা হয়েছে, এ মাসে ৫ থেকে ৬টি কালবৈশাখী ঝড় হতে পারে। এর মধ্যে ২ থেকে ৩টি তীব্র আকার ধারণ করতে পারে। পাশাপাশি বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তুলনামূলক কম।

এ মাসে ১ থেকে ৩টি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে একটি তীব্র তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনাও রয়েছে। 

আবহাওয়া অধিদপ্তর বলছে, মে মাসের অন্তত ১০ তারিখ পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হতে পারে, ফলে তাপমাত্রা সহনীয় থাকবে। এরপর ধীরে ধীরে গরম বাড়তে পারে এবং ১৫ মে’র পর কয়েক দিনের তাপপ্রবাহ শুরু হতে পারে। সব মিলিয়ে মে মাসে আবহাওয়া মোটামুটি সহনীয় থাকলেও মাঝেমধ্যে ঝড়-বৃষ্টি ও গরমের দাপট দুটোই দেখা যেতে পারে।