সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যার ৮০ শতাংশই নারী হবেন।
শনিবার সিলেট সিটি করপোরেশন আয়োজিত এক সমাবেশে তিনি জানান, এসব কর্মী গ্রামে গ্রামে গিয়ে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা ও সচেতনতা কার্যক্রম পরিচালনা করবেন। খাদ্যাভ্যাস, ডায়াবেটিস, হৃদরোগ প্রতিরোধ এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে জনগণকে সচেতন করাই তাদের মূল দায়িত্ব হবে।
প্রধানমন্ত্রী বলেন, শহরের তুলনায় গ্রামীণ জনগোষ্ঠী এখনও পর্যাপ্ত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। তাই প্রতিরোধমূলক সচেতনতার মাধ্যমে রোগীর সংখ্যা কমিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার।
তিনি আরও জানান, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে এবং অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন খাতে ধাপে ধাপে উদ্যোগ নেওয়া হচ্ছে।














