শারীরিক প্রতিবন্ধী কলেজছাত্র ওয়াকিমুল ইসলামের উদ্ভাবিত বিশেষ স্মার্টকার পরিদর্শন করে তাকে উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৯ মে) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই উদ্ভাবন সরাসরি দেখেন।
পরিদর্শনের একপর্যায়ে প্রধানমন্ত্রী নিজেই স্মার্টকারে চড়ে বসেন এবং ওয়াকিমুল তাকে গাড়িটি চালিয়ে দেখান। এ সময় উপস্থিত কর্মকর্তারা শিক্ষার্থীর উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ প্রেস উইংয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৫ এপ্রিল একই স্থানে আরেক কলেজ শিক্ষার্থী রিজয়ান রশীদের তৈরি গো-কার্ট পরিদর্শন ও চালিয়ে দেখেছিলেন প্রধানমন্ত্রী। তরুণ উদ্ভাবকদের প্রতি সরকারের এমন আগ্রহ নতুন প্রজন্মকে প্রযুক্তিনির্ভর উদ্ভাবনে আরও উৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।












