গাইবান্ধায় কয়েকদিনের টানা বৃষ্টিতে ২১২ হেক্টর জমির ধানক্ষেত পানিতে নিমজ্জিত হয়েছে, যার বেশিরভাগই প্রায় পাকা ধান। এতে চাষিরা একদিকে ফসল রক্ষার তাগিদ, অন্যদিকে শ্রমিক সংকট ও বাড়তি মজুরির চাপে পড়েছেন।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, জেলার সাত উপজেলায় ১ হাজার ২৮০ জন কৃষক এ ক্ষতির মুখে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সুন্দরগঞ্জ উপজেলায়, যেখানে ৯০ হেক্টর জমির ধান পানিতে ডুবে গেছে।
সরেজমিনে দেখা গেছে, অনেক কৃষক হাঁটুসমান পানিতে নেমে ধান কাটছেন। কোথাও ভেলা তৈরি করে ধান পরিবহন করা হচ্ছে। শ্রমিকের অভাবে পরিবারের সদস্যরাই মাঠে নেমে পড়েছেন।
কৃষকদের অভিযোগ, বাড়তি খরচ ও প্রাকৃতিক দুর্যোগে তারা চরম সংকটে পড়েছেন। অপরিপক্ক ধান হেলে পড়া এবং পানিতে ডুবে যাওয়ায় ক্ষতির আশঙ্কা বাড়ছে।
তবে কৃষি কর্মকর্তারা বলছেন, টানা ভারি বৃষ্টি না হলে বড় ধরনের ক্ষতির সম্ভাবনা কম। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।












