কুমিল্লাবুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলছে ইস্টার্ন রিফাইনারি, আসছে একের পর এক তেলের জাহাজ

প্রতিবেদক
Cumilla Press
মে ৬, ২০২৬ ১১:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

২২ দিন পর চালু হচ্ছে ইস্টার্ন রিফাইনারি, সৌদি তেলে সংকট কাটার আশা

দীর্ঘ ২২ দিন বন্ধ থাকার পর অবশেষে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি আবার চালু হতে যাচ্ছে। ক্রুড অয়েলের সংকট কাটাতে সৌদি আরব থেকে আমদানিকৃত এক লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল বহনকারী ট্যাংকার ‘এমটি নাইনমিয়া’ ইতোমধ্যে বাংলাদেশের জলসীমায় পৌঁছেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ৭ মে থেকে রিফাইনারিটি পূর্ণ সক্ষমতায় চালুর পরিকল্পনা রয়েছে। মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে এবার হরমুজ প্রণালী এড়িয়ে বিকল্প পথে তেল আমদানি করা হয়েছে, যা জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের নতুন কৌশল হিসেবে দেখা হচ্ছে।

বর্তমানে কুতুবদিয়া পয়েন্টে নোঙর করা জাহাজ থেকে লাইটারিং প্রক্রিয়ায় তেল খালাসের কাজ চলছে। ছোট জাহাজের মাধ্যমে তেল চট্টগ্রামের পতেঙ্গা ডলফিন জেটিতে এনে পাইপলাইনে রিফাইনারিতে পাঠানো হবে।

সংকটের কারণে গত ১৪ এপ্রিল শোধনাগারের তিনটির মধ্যে দুটি ইউনিট বন্ধ হয়ে যায়, ফলে জ্বালানি উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হয়। নতুন চালান থেকে ডিজেল, পেট্রোল, অকটেনসহ বিভিন্ন জ্বালানি উৎপাদনের আশা করা হচ্ছে, যা প্রায় ২৫ দিন চাহিদা মেটাতে সক্ষম হবে।

এদিকে, মে মাসের মাঝামাঝি সংযুক্ত আরব আমিরাত থেকেও আরও এক লাখ টন ক্রুড অয়েল আসার কথা রয়েছে, যা পরিস্থিতি আরও স্থিতিশীল করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।