কুমিল্লাশনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কোরবানির পশুবাহী গাড়িতে চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থান, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি

প্রতিবেদক
Cumilla Press
মে ১১, ২০২৬ ১:৪৫ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুবাহী যানবাহনে চাঁদাবাজি রোধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, এ ধরনের কোনো অনিয়মের তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (১১ মে) পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী জানান, ঈদকে কেন্দ্র করে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার ইতোমধ্যে নানা উদ্যোগ নিয়েছে।

এ সময় তিনি অতীত সরকারের সমালোচনা করে বলেন, উন্নয়নের নামে লুটপাটের কারণে অনেক এলাকায় প্রত্যাশিত উন্নয়ন হয়নি। বিশেষ করে শরীয়তপুরসহ বৃহত্তর ফরিদপুর অঞ্চলের উন্নয়নে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, শরীয়তপুরের ওপর দিয়ে রেললাইন গেলেও সেখানে স্টেশন না থাকায় জনগণ বঞ্চিত। ভবিষ্যতে এ এলাকায় রেলস্টেশন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, সীমিত সম্পদ নিয়েও সরকার অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিচ্ছে। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচি শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে এর যথাযথ তদারকির নির্দেশ দেন তিনি।

সরকার জবাবদিহিতামূলক ও টেকসই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবে বলেও উল্লেখ করেন সড়কমন্ত্রী।