কুমিল্লা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত শাড়িগুলোর বাজারমূল্য ৬০ লাখ ৩৫ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
বিজিবি জানায়, মঙ্গলবার (৫ মে) ভোর রাতে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধীন চৌদ্দগ্রাম উপজেলার আনন্দপুর বিওপি’র একটি টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানের একপর্যায়ে সীমান্তের প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চৌদ্দগ্রাম উপজেলার নানকড়া নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, চোরাকারবারিরা সীমান্ত পথে এসব শাড়ি দেশে প্রবেশ করিয়ে বিভিন্ন স্থানে সরবরাহের পরিকল্পনা করেছিল।
বিজিবি সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া শাড়িগুলো বিধি মোতাবেক সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ,
মাদক ও অবৈধ পণ্য প্রবেশ বন্ধে বিজিবির টহল ও অভিযান জোরদার করা হয়েছে বলেও জানানো হয়েছে।
সীমান্তে চোরাচালান দমনে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।














