কুমিল্লাসোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা শহরে ড্রেনে পড়ে প্রাণ হারালো শিশু

প্রতিবেদক
Cumilla Press
জুন ২২, ২০২৬ ২:০৫ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লা নগরীর ছোটরা পশ্চিমপাড়া ঈদগাহ এলাকায় ড্রেনে পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) রাতে ভারী বর্ষণের পর সৃষ্ট জলাবদ্ধতার মধ্যে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত প্রায় ৯টার দিকে ৮ থেকে ১০ বছর বয়সী এক শিশু জলাবদ্ধ সড়ক দিয়ে চলাচলের সময় ভাঙা স্ল্যাবের ফাঁক দিয়ে ড্রেনের পানিতে পড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে তখন অনেক মানুষ জড়ো হয়ে উদ্ধার তৎপরতা চালান। প্রায় ১০ থেকে ১৫ মিনিট পর কিছুটা সামনে ড্রেনের ভেতরে একটি হাত আটকে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছিল এবং কয়েকটি ড্রেনের ঢাকনা খোলা ছিল। টানা বৃষ্টির কারণে সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় খোলা ড্রেন ও ভাঙা স্ল্যাব পানির নিচে তলিয়ে যায়। ফলে পথচারীদের জন্য পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

এলাকাবাসী জানান, নগরীর বিভিন্ন সড়কের পাশে থাকা অনেক ড্রেন দীর্ঘদিন ধরে অপরিকল্পিত ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। অনেক স্থানে স্ল্যাব ভাঙা কিংবা স্ল্যাবের মাঝে বড় ধরনের ফাঁক রয়েছে। বিশেষ করে রাতের বেলায় এসব ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করা কঠিন হওয়ায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, “ঘটনাস্থলে পুলিশের একটি টিম গেছে। এটি একটি দুর্ঘটনা।”