কুমিল্লারবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা, স্ত্রী আহত

প্রতিবেদক
Cumilla Press
সেপ্টেম্বর ১৩, ২০২৬ ৭:৩৮ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার বাঙ্গরা উপজেলার শ্রীকাইল ইউনিয়নের উত্তর পেন্নই গ্রামে পূর্ববিরোধের জেরে আনোয়ার হোসেন (৪৫) নামে এক যুবলীগ নেতা ও ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর স্ত্রী মোমেনা বেগম (৩৮) গুরুতর আহত হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন উত্তর পেন্নই গ্রামের মনু মিয়ার বড় ছেলে। তিনি শ্রীকাইল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং একই ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে আনোয়ার হোসেন বাড়িতে ফেরার পর প্রতিপক্ষের লোকজন খবর পেয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে গুরুতর আহত করা হয়। পরে স্বজনরা তাঁকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মেয়ের জামাই শফিকুল ইসলাম জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় আনোয়ার হোসেন সাবেক সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুনের গ্রুপের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। নির্বাচনে আওয়ামী লীগ নেতা ও স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম সরকার বিজয়ী হওয়ার পর তিনি বিভিন্ন ধরনের হুমকি পেয়ে এলাকা ছেড়ে চলে যান। শনিবার বাড়িতে ফেরার পর প্রতিপক্ষের হামলায় তিনি নিহত হন বলে দাবি করেন শফিকুল।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আলম জানান, প্রাথমিকভাবে জানা গেছে, পূর্ববিরোধের জের ধরেই এ ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ।

ওসি আরও জানান, সুরতহাল শেষে আনোয়ার হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হামলায় আহত তাঁর স্ত্রী মোমেনা বেগমের চিকিৎসা চলছে।