কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে খালেদ (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার আজগর আলী স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত খালেদ উপজেলার রসুলপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের মোয়াজ্জেম হোসেন স্বপন ভুঁইয়ার ছেলে।
জানা গেছে, বাবুস সালাম মাদরাসায় শিক্ষক হিসেবে যোগদান ও ছেলেকে ভর্তি করাতে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন স্বপন ভুঁইয়া। পথিমধ্যে শিশুটি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।












