কুমিল্লাশনিবার, ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় মহাসড়কের পাশে পড়েছিল নিখোঁজ কাস্টমস কর্মকর্তার মরদেহ

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ২৫, ২০২৬ ৫:৫০ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম থেকে ফেরার পথে নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর সহকারী রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগীর (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি বিশ্বরোড এলাকায় তার মরদেহ পাওয়া যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত বুলেট বৈরাগী কুমিল্লা নগরীর পানপট্টি এলাকার সুশীল বৈরাগীর ছেলে।

নিহত বুলেট বৈরাগী কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা ছিলেন। তিনি চট্টগ্রামে প্রশিক্ষণ শেষে ২৪ এপ্রিল রাতে কুমিল্লায় ফেরার পথে নিখোঁজ হন। সর্বশেষ পরিবারের সঙ্গে তার কথা হয় রাত আনুমানিক ২টা ২৫ মিনিটে, তখন তিনি কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকায় পৌঁছানোর কথা জানান।

এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং পরিবারের পক্ষ থেকে কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে এবং মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

কুমিল্লা প্রেস সংবাদ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে কুমিল্লা প্রেসের সাথেই থাকুন